নিজস্ব প্রতিনিধি সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্দ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে চাঁদা দাবি, নির্মাণকাজ বন্ধ, মারধর ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. রাজিব মিয়া (৩৩) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ফয়সাল@ ওরফে কালু মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালিয়ে আসছে।
সম্প্রতি ভুক্তভোগী নিজ জমিতে বৈধভাবে ওয়াল নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রকাশ্যে হত্যার হুমকি দিতে থাকে।
ভুক্তভোগীর ভাষ্যমতে, গত ২১ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে দেশীয় অস্ত্রসহ অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেয়।
এ সময় বাধা দিতে গেলে মো. রাজিব মিয়াকেও নির্মমভাবে মারধর করা হয়। অভিযুক্তরা তাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে পূর্বেও নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আইনকে তোয়াক্কা না করে ভয়ভীতি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে।
এ ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।