মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মেঘনা শিল্পনগরীর প্রতাপের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতাপের চর এলাকার ফ্রেশ সল্ট কোম্পানিতে মেহেদী হাসান গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলিন্ডার আনলোড করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পঙ্কজ কুমার আচার্য্য জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।