মোঃ মোক্তার হোসাইন (সোনারগাঁ) নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক শোডাউনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকা থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে আয়োজিত এ পথসভায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। মহাসড়কজুড়ে ছিল দলীয় স্লোগান আর উৎসবের আমেজ।
সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর মেঘনা টোলপ্লাজা অতিক্রম করার সময় তিনি গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। এতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
পথসভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,এমপি পুত্র ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর এ ইয়াসিন নোবেল, সোনারগাঁ থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সহ-সাধারণ সম্পাদক শহীদ সরকার এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়াসহ স্থানীয় নেতারা।
নেতারা বলেন, দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চাঁদপুর সফর সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
জানা গেছে, চাঁদপুর সফরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
সার্বিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও পুরো এলাকায় ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।