
নিজস্ব প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিসহ দলটির ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। একই ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৩ মে) দুপুরে তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হিমেল, মুরাদ, নূর হোসেন, মোখলেস ও শফিকুল ইসলাম নামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার পাঁচজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।