
এম হোসাইন নিজস্ব প্রতিনিধি (নারায়ণগঞ্জ) সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর সশস্ত্র হামলা ও নারীর শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ বাবুল (৪৫) অভিযোগ করে জানান, স্থানীয় ফখরুল (৪০), মেহেদী (২৮), নজরুল (৫৫) ও অজ্ঞাতনামা আরও ৫-৭ জন দীর্ঘদিন ধরে তার পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল।
ভুক্তভোগীর ভাষ্যমতে, এ নিয়ে তিনি আদালতে একটি দেওয়ানি প্রি-এম্পশন মামলা দায়ের করেন (মামলা নং-০১/২০২৬), যা বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলা প্রত্যাহারের জন্য অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে একাধিকবার হুমকি দিয়ে আসছিল।
অভিযোগে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে সোনারগাঁও থানাধীন ভারগাঁও কাজীপাড়া এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র (রামদা, লোহার রড, লাঠি ও বাঁশের সোটা) নিয়ে দলবদ্ধভাবে হামলা চালায়। এ সময় ভুক্তভোগী মোঃ বাবুল ও তার স্ত্রী মুসিদা বেগমকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করা হয়।
আরও অভিযোগ করা হয়, হামলার একপর্যায়ে প্রধান অভিযুক্ত ফখরুল ও মেহেদী ভুক্তভোগীর স্ত্রীর জামাকাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানী করে। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে ভুক্তভোগীর বৃদ্ধ মা জামিরুন বেগম (৭৫) ও কন্যা লামিয়া আক্তার (১২)–কেও মারধর করা হয়।
স্থানীয় লোকজন জড়ো হতে থাকলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে সুযোগ পেলে পরিবারটির সদস্যদের হত্যা ও বাড়িতে অগ্নিসংযোগের হুমকিও দিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।