
মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বৈদ্যের বাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক জননেতা নুরে ইয়াসিন নোবেল।
২৬শে মার্চ, বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। এই দিনে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় বাঙালির মুক্তির সংগ্রাম, যা দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় চূড়ান্ত বিজয়ে। এই মহান দিনে সকল বীর শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন নুরে ইয়াসিন নোবেল।
এক বার্তায় তিনি বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবের দিন। লাখো শহীদের আত্মত্যাগ, মা-বোনদের সম্ভ্রম এবং অসংখ্য মানুষের ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। তাদের এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়।”
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধকালীন তার সাহসী ভূমিকা বাঙালি জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নুরে ইয়াসিন নোবেল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রেরণার উৎস। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই ছিল শহীদদের স্বপ্ন—আর সেই স্বপ্ন বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি। কারণ, ইতিহাস জানলেই দেশপ্রেম জাগ্রত হবে এবং দেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করার আহ্বান জানান।
নুরে ইয়াসিন নোবেল বলেন এদেশের সকল সূর্য সন্তান বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সবশেষে তিনি বলেন, “স্বাধীনতার এই মহান দিনে আমাদের অঙ্গীকার হোক—শহীদদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিকে আরও বেগবান করবো।”