
মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার কলেজ রোড ও থানা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। এ সময় বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
জানা যায়, কলেজ রোড এলাকার বলাকী ফার্মেসিকে ৩ হাজার টাকা, মাহমুদা ফার্মেসি ও শিরিন ফার্মেসিকে ৫ হাজার টাকা করে এবং থানা রোডের আলভী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ফার্মেসিগুলোকে নিয়মিতভাবে ওষুধের মেয়াদ যাচাই এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা দেখা যায় এবং সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।